দেশের কঠিন সময়ে সংহতি প্রদর্শনের জন্য ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইউক্রেন। সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে এক ফোনালাপে নিজ দেশের এমন কৃতজ্ঞতার কথা জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। প্রতিবেদন প্রকাশের মাধ্যমে খবর জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। সংবাদে বলা হয়, ফোনালাপে ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন এই দুই পররাষ্ট্রমন্ত্রী।
পরবর্তী সময়ে টুইটার পোস্টের মাধ্যমে দিমিত্রো কুলেবা বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ থামাতে তুরস্কের প্রচেষ্টা সম্পর্কে আমাকে অবহিত করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে গেল ১০ মার্চ ইউক্রেন পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, প্রায় ঘণ্টা খানেক যাবৎ কথা হয়েছে এই দুই নেতার।
ফোনালাপে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান সংঘাতের একটি রাজনৈতিক সমাধানের জন্য তুরস্ক তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানান প্রেসিডেন্ট এরদোগান। তুরস্কে ইউক্রেন, রাশিয়া ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনকে কূটনৈতিক বিজয় হিসেবেও আখ্যায়িত করেন তিনি।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, উভয় নেতা ইউক্রেনের সরকার ও জনগণের প্রতি ফের নিজেদের দৃঢ় সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন। অবিলম্বে রুশ আগ্রাসন বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সংকট উত্তরণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছেন তারা। বিদ্যমান সংঘাতের একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার বিষয়ে উদ্যোগী হওয়ায় তুরস্কের প্রতি ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেন জো বাইডেন।